বগুড়া, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাগামী বাস চলাচল বন্ধ করায় সোমবারের মহাসমাবেশে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা।
রোববার বিকাল ৩টার দিকে বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন কাউন্টারগুলোতে ঢাকাগামী সব কোচ ও বাসের টিকিট বিক্রি বন্ধ করে দেয়।
জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া থেকে ঢাকার বাস চলাচল বন্ধ করায় হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে পারবে না।
তবে এরইমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে ঢাকায় চলে গেছেন বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাউন্টার ম্যানেজার বলেন, রাস্তায় গাড়ি নামালে ভাংচুরের হুমকি দেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল। তাই মালিকরা ভয়ে চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি বন্ধ করেছি, হিম্মত থাকলে পত্রিকায় লেখেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০০ ঘ.
bdnews24