ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মহাখালী থেকে ইসলামী ছাত্রশিবিরের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশের আগের দিন রোববার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের এই কর্মীদের গ্রেপ্তার করা হয়।
তবে ছাত্রশিবির দাবি করেছে, ওই ১৩ জনকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে সাত জনের নাম জানা গেছে।
তারা হলেন- আবদুল মাহবুদ (১৮), মো. আমিনুল ইসলাম (২৪), মো. শাহিনুর আলম (২৪), জুবায়ের আহম্মেদ সুজন (১৯), রিয়াজুল ইসলাম (২২), মাসুদ আহম্মেদ (২২) ও আফজাল হোসেন সুজন (১৯)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব সন্দেহবশত সকালে ছয় যুবককে এবং বিকালে আরো সাত যুবককে গ্রেপ্তার করে থানায় তুলে দেয়।
আটকরা শিবিরকর্মী কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে র্যাব আমাদের (পুলিশকে) কিছু বলেনি।”
গ্রেপ্তারদের মধ্যে ছয়জনকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকিদের সোমবার পাঠানো হবে জানান পুলিশ কর্মকর্তা মাইনুল।
অন্যদিকে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১৩ কর্মীকে মহাখালীর একটি মেস থেকে শনিবার রাতে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করতে ঢাকায় এসেছিলো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৫১ ঘ.
bdnews24