ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন পাওয়ার পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের মুক্তিতে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ।
তিনি বলেছেন, “প্রভাবিত (সরকার দ্বারা) নি¤œ আদালত আমাদের নেতাদের জামিন দেননি। উচ্চ আদালতে তারা জামিন পেয়েছেন। কিন্তু এখন কী করে নেতাদের ওই জামিন বিলম্ব করা যায়, সরকার তার ষড়ন্ত্র করছে।”
বিএনপি নেতাদের মুক্তি দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তরুণ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মওদুদ একথা বলেন।
হরতালের মামলায় কারাবন্দি বিএনপি নেতাদের গত বৃহস্পতিবার হাই কোর্টের একটি বেঞ্চ জামিন দেয়। তবে তারা এখনো কারাগার থেকে ছাড়া পাননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আমরা জেনেছি, সরকার জামিন বিলম্বের জন্য পদক্ষেপ নিয়েছে। সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে আমরা আগামীকাল আইনিভাবে মোকাবেলা করব। আমাদের বিশ্বাস, তাদের (সরকার) এই ষড়যন্ত্র সফল হবে না।”
দলীয় সরকারের অধীনে নির্বাচন করায় প্রধানমন্ত্রীর ঘোষণার জবাবে বিএনপি নেতা বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, রাজনীতিতে এত জেদ ভালো নয়। এদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
“যতদিন নির্দলীয় সরকারের দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনকে আরো জোরদার করতে নতুন কর্মসূচি দেবেন দেশনেত্রী,” বলেন তিনি।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক ‘স্থবিরতা’ কাটাতে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন সাবেক মন্ত্রী মওদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৮ ঘ.
bdnews24