চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে হলে তাদেরকে এই দাবি মানতেই হবে।
শুক্রবার বিকালে চট্টগ্রামে বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। অন্যথায় কিভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হয় খালেদা জিয়ার নেতৃত্বে তা আমাদের জানা আছে।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশ এখন এক মহা সংকটে পতিত। সুপ্রিম কোর্ট-সংসদ মুখোমুখি অবস্থানে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামী ১১ জুন ঢাকার সমাবেশ উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি নগর কমিটির সাধারণ সম্পাদকের বাসায় ডিবি পুলিশ দুপুরে তল্লাশি চালিয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে আমীর খসরু বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বাধ্য করবেন না। আগামীতে যদি পুলিশের পক্ষ থেকে এ ধরনের তল্লাশি করা হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, বিএনপি’র কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন প্রমুখ।
সভার আগে বিকাল চারটার দিকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে মানববন্ধন করা হয়।
এতে নগর বিএনপি, জেলা ও থানা বিএনপি এবং বিএনপির নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২১০৮ ঘ.
bdnews24