২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট সরকারের ব্যর্থতার দলিল: মওদুদ

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকারের ‘ব্যর্থতার দলিল’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এ বাজেট বাস্তবায়ন করতে গেলে অর্থনীতি আরও অবনতি ঘটবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকারের ‘ব্যর্থতার দলিল’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এ বাজেট বাস্তবায়ন করতে গেলে অর্থনীতি আরও অবনতি ঘটবে। বাজেটের পরদিন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রস্তাবিত বাজেট সরকারের ব্যর্থতা দলিল। গত বছরের পরিসংখ্যানে দেখা যায়, জাতীয় প্রবৃদ্ধিসহ অনেক খাতেই সরকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সংকোচন নীতির ওপর নির্ভর করে তারা ২০১২-১৩ অর্থ বছরের বাজেট প্রণয়ন করছে।” “এই বাজেটে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। দ্রব্যমূল্য কমবে না, বিনিয়োগ ও রপ্তানি কোনোটিই বাড়বে না। বরং মুল্যস্ফীতি বাড়বে। নতুন কর্মসংস্থানও হবে না। ফলে দেশের অর্থনীতির আরও অবনতি ঘটবে।’’ সরকার ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার যে বাজেট দিয়েছে তা বাস্তবায়ন করাও সম্ভব হবে না বলেই মনে করেন বিএনপির এই নেতা। “৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় সরকার পৌঁছাতে পারবে না”, বলেন মওদুদ। সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানলে রাজপথেই এর ‘ফয়সালা’ হবে মন্তব্য করে তিনি বলেন, “সোমবার ঢাকার সমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন।” সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে বিএনপি আর কোনো কঠোর কর্মসূচি দেবে না বলেও উল্লেখ করেন মওদুদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই আলোচনা সভার আয়োজ করে। সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন হ এহছানুল হক মিলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংসদ মোস্তফা আলী মুকুল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৫ ঘ.