ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে করে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করবেন খালেদা জিয়া।
আগামী সোমবার ঢাকায় সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বিরোধী দলীয় নেতার।
বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে ১১ জুনের সমাবেশ সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী কর্মসূচির দায়িত্ব নেত্রীর হাতেই দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন দলের নীতিনির্র্ধারকদের সঙ্গে বৈঠক করে তা ঠিক করবেন।”
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমরা নেত্রীকে একদফা আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তাব দিয়েছি। কারণ সরকার যেভাবে দমন-পীড়ন চালাচ্ছে, এখন আমাদের আর থেমে থাকার সুযোগ নেই।”
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমেদ, রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, এনডিপি’র খোন্দকার গোলাম মোর্তজা, ন্যাপ এর জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, মুসিলম লীগের এ এইচ এম কামরুজ্জামান, ইসলামিক পার্টির আবদুল মোবিন, পিপলস লীগের গরীব নেওয়াজ, জাগপা’র খন্দকার লুৎফর রহমান, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, ডিল এর সাইফুদ্দিন মনি, জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২৩০৩ ঘ.
bdnews24