নেত্রকোনা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়ায় সরকার সমর্থক তরুণ লীগের নেত্রকোনা জেলার এক নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন সরকার তরুণ লীগের জেলা সভাপতি মাহবুব রহমান রাসেলকে এ কারাদণ্ড দেন বলে জানায় পুলিশ।
সদর মডেল থানার ওসি আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় শহরের নাগড়া এলাকায় ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন সরকার ও পৌর কাউন্সিলর হুমায়ুন তালুকদারের উপস্থিতিতে ‘পথকলি’ নামের শিশু কল্যাণ স্কুলের নির্মাণ কাজ চলছিলো।
সাড়ে ৬টার দিকে রাসেল জমির মালিকানা দাবি করে কর্মরত শ্রমিকদের বাধা দেন। কাউন্সিলর হুমায়ুন কাজে বাধা দিতে নিষেধ করলে রাসেল ও তার সহযোগী ৬/৭ জন তাকে মারধর করে।
এসময় ম্যাজিস্ট্রেট বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে রাসেলকে আটক করে। পরে রাত ৮টায় ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন সরকার রাসেলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৩৭ ঘ.
bdnews24