২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেশ পুনর্বিবেচনার আবেদন কাদের মোল্লার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তার এই আদেশ পুনর্বিবেচনার আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবী এ ফরিদ উদ্দিন খান। আগামী রোববার এ বিষয়ে আরো শুনানি হবে। একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় ধরনের অপরাধে গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জুন দিন রেখেছেন। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর গত ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে অংশ নিয়ে ফরিদ উদ্দিন খান বলেন, “কাদের মোল্লাকে আল বদর নেতা হিসেবে ধরে নিয়ে অভিযোগ গঠন করা হয়েছে। এটা ঠিক হয়নি। কেননা তিনি আল বদর নেতা এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।” “এছাড়া তার বিরুদ্ধে অন্য যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোতে একই ঘটনায় একক ব্যক্তি এবং দলগত অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু একই ব্যক্তি কীভাবে একটি ঘটনায় আলাদা আলাদাভাবে অংশ নিতে পারে সে বিষয়টিও স্পষ্ট করে তুলে ধরা হয়নি,” বলেন তিনি। ‘ জ্যেষ্ঠ আইনজীবী’ ফরিদ উদ্দিন খান শুনানি শেষে ট্রাইব্যুনালকে বলেন, তার জ্যেষ্ঠ আইনজীবী অন্য ট্রাইব্যুনালে ব্যস্ত থাকায় এ মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। তাই আগামী রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হোক। এসময় ট্রাইব্যুনাল বলেন, “আমরা একটি পরিকল্পনার মধ্য দিয়ে মামলা পরিচালনা করি। অন্য ট্রাইব্যুনালের অজুহাত দিয়ে মামলার শুনানি দেরি করবেন তা হয় না। আপনার জ্যেষ্ঠ আইনজীবী নিজেই বলেছিলেন আজকে শুনানি করবেন। তাহলে আসলেন না কেন?” “একটা কথা মনে রাখবেন; এক কোর্টের রেফারেন্সে অন্য কোর্ট বসে থাকবে না। আপনার জ্যেষ্ঠ আইনজীবীর সংখ্যা বাড়ান। একজনের পক্ষে সব মামলা চালানো সম্ভব নয়।” প্রসিকিউটররা অনুপস্থিত বৃহস্পতিবার শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে কেউ উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, “প্রসিকিউশনের ২০ জন আইনজীবীর কেউ এখানে আসার প্রয়োজন মনে করল না, এটা ঠিক নয়। অন্যদের মতো তারাও কি আমাদের ছোট কোর্ট ভাবছে? এটা দুঃখজনক। আপনারা (আসামিপক্ষ) এরকম বলছেন; কিন্তু তারা কই?” এ সময় আসামিপক্ষের আইনজীবী মুন্সী আহসান কবীর বলেন, “এটা ঠিক না। আমরা আয়তন দিয়ে কোর্টকে পরিমাপ করি না। তাছাড়া এই কোর্ট বিশ্বে মডেল হতে চলেছে। আরো বেশ কয়েকটি দেশে এমন আয়তনের কোর্ট হবে।” মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর গত ১৬ মে অভিযোগ গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/জেকে/১৪৪০ ঘ.