ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্ধারিত বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনার দুদিন পর সংসদে অনির্ধারিত আলোচনা প্রত্যাখ্যান করলেন ডেপুটি স্পিকার শওকত আলী।
মঙ্গলবারের অধিবেশনে জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালে তাকে ফ্লোর দিতে অস্বীকৃতি জানান অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার।
গত সোমবার স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এক অনির্ধারিত আলোচনায় অধ্যাপক আবু সায়ীদের কথিত এক বক্তব্য ধরে সমালোচনা হয়। এর প্রতিক্রিয়ায় শওকত আলী বলেন, তিনি সংসদে থাকলে ওই আলোচনা হতে দিতেন না।
মঙ্গলবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের শেষেই মঈনউদ্দিন খান বাদলকে উদ্দেশ্য করে শওকত আলী বলেন, “আপনার চিরকুট আমি পেয়েছি। আপনি লিখেছেন ‘জরুরি’। কিন্তু কোন বিধিতে কথা বলতে চান, তা উল্লেখ করেননি।
“পয়েন্ট অব অর্ডারে আপনাকে কথা বলতে হলে ৩০১ বিধিতে কথা বলতে হবে। বলতে হবে, কার্যপ্রণালী বিধির কোন বিধি অনুযায়ী বলবেন এবং সংবিধানের কোন বিধি লংঘিত হয়েছে।”
কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চলবে বলে সংসদ সদস্যকে জানিয়ে দেন ডেপুটি স্পিকার।
এরপর মঈনউদ্দিন খান বাদল বলেন, “আমি ৩০১ বিধিতে কথা বলতে চাই। সংসদ সদস্যদের বিশেষ অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। সংবিধান মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে।”
তখন শওকত আলী পুনরায় জানতে চান, সংসদ সদস্যদের অধিকার কী সংসদে ক্ষুন্ন হয়েছে?
জবাবে বাদল বলেন, “হ্যাঁ, সংসদে হয়েছে।”
সংবিধানের কোন বিধান লংঘিত হয়েছে, তা বাদলের কাছে আবার জানতে চান শওকত আলী।
“সংবিধানের বিধান লংঘন হয়েছে। কোনো ধারায়, সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। কারণ আমার কাছে সংবিধান নেই,” জবাবে বলেন বাদল।
বাদলের মাইক বন্ধ করে দেওয়ার আগে ডেপুটি স্পিকার বলেন, “এরপর থেকে আপনি প্রস্তুত হয়ে আসবেন। সংবিধান নিয়ে আসবেন। আপনাকে মাইক দেওয়া হবে।”
৩০১ বিধি অনুযায়ী সংসদ চলাকালে সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির কোনো ধারা লংঘিত হলে যে কোনো সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০৪ ঘ.
bdnews24