ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে আটা, ময়দা, ভোজ্য তেল ও ডালের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সংসদকে জানান, গত এক বছরে আটার দাম প্রতি কিলোগ্রাম ১৩ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। ময়দার দাম প্রতি কেজি ১৩ দশমিক ৬৪ শতাংশ, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫ দশমিক শূন্য নয় শতাংশ ও খোলা পাম অয়েল সাত দশমিক ৫৬ শতাংশ, বিভিন্ন মানের ডালের দাম কেজি প্রতি সাত দশমিক ৫৬ শতাংশ এবং প্রতি কেজি ছোলার দাম দশ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবারের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা জানান।
২০১১ সালের ২৮ মে প্রতি কেজি আটার দাম ছিলো ২৪ থেকে ২৭ টাকা, ময়দা ৩২ থেকে ৩৪ টাকা, বিভিন্ন মানের ডাল ৭২ থেকে একশ’ টাকা ও ছোলা ৬০ থেকে ৬২ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল একশ’ পাঁচ থেকে একশ’ সাত টাকা ও খোলা পাম অয়েল ৯৫ থেকে ৯৬ টাকা।
ঠিক এক বছর পর, প্রতি কেজি আটার দাম হয়েছে, ২৮ থেকে ৩০ টাকা, ময়দা ৩৭ থেকে ৩৮ টাকা, বিভিন্ন মানের ডাল ৭৫ থেকে একশ’ দশ টাকা ও ছোলা ৬৫ থেকে ৭০ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল একশ’ ২০ থেকে একশ’ ২৪ টাকা ও খোলা পাম অয়েল একশ’ দুই থেকে একশ’ চার টাকা।
এদিকে, ফেনী-৩ আসনের সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে কাদের বলেন, “নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে জনজীবনে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে- কথাটি সত্য নয়।”
এ প্রসঙ্গে তিনি যুক্তি তুলে ধরে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি অনেকগুলো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের মতো আমদানি নির্ভর একটি দেশে দ্রব্যমূল্য অনেকটাই আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য উঠা-নামার ওপর নির্ভর করে।
তবে মন্ত্রী স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া, ব্যাংকের তারল্য সংকট, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহণ খরচ বৃদ্ধি ইত্যাদি কারণে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে।
তিনি আরো দাবি করেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা ও প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি সত্ত্বেও সরকারের নেওয়া ইতিবাচক পদক্ষেপের ফলে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম এখনো অপেক্ষাকৃত কম।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হকের অপর এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, রোজার মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।
অধিবেশনে বাণিজ্য মন্ত্রীর অনুপস্থিতিতে সম্পূরক প্রশ্নের জবাবগুলো দিতে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, আগামী রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। শিল্প মন্ত্রনালয়ের কাছে এক লাখ মেট্রিক টন চিনি আছে। টিসিবির গুদামে পর্যাপ্ত ভোজ্য তেল মজুত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২৩ ঘ.
bdnews24