ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক আত্মীয়কে আর্থিক সুবিধা দিতেই ভারতের সাহারা গ্রুপকে ঢাকার আশপাশে উপশহর গড়ে তোলার কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে বাজেট ভাবনা নিয়ে সুধী সমাবেশে তিনি বলেন, “শুধু একটি বিদেশি প্রতিষ্ঠানকে বিনা টেন্ডারে বিনা প্রতিযোগিতায় কোন শর্তে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হল, তা সম্পূর্ণ অস্বচ্ছ।”
“বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক আত্মীয়কে আর্থিক আনুকূল্য পাইয়ে দিতে সাহারার সঙ্গে এই চুক্তি করা হয়েছে,” যোগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
সাহারা ইন্ডিয়া পরিবারের প্রধান সুব্রত রায় স¤প্রতি ঢাকায় সফরে আসেন। তখন সাহারার সঙ্গে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক সই হয়।
সাহারা চেয়ারম্যানকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি প্রধানমন্ত্রীর ফুপাত ভাই।
খালেদা বলেন, “জানা গেছে, শেখ ফজলে ফাহিমকে পরিচালক নিয়োগ করে ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন লিমিলেড’ নামে সাহারা বাংলাদেশ সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে।”
শেখ ফজলে ফাহিমের বাবা শেখ সেলিম।
সাহারার সঙ্গে চুক্তির মাধ্যমে দেশীয় আবাসন কোম্পানিগুলোর স্বার্থ সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি ক্রয় নীতিকে পাশ কাটিয়ে এই চুক্তি বাস্তবায়িত হলে ‘মহাদুর্নীতির’ সুযোগ সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএম/আরএ/১৯০৭ ঘ.
bdnews24