শেরপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক নেতাকর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শেরপুরে বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।
রোববার সকালে হরতাল শুরুর পর থেকে শহরের কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি। রাস্তায় দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদেরও।
ভোরে শেরপুর থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে কয়েকটি বাস ছেড়ে গেলেও তার সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম। শহরের ভেতরে সকালে থেকেই রিকশা ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়।
অবশ্য হরতালের কারণে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকালে বন্ধ ছিল।
হরতালের কারণে সকাল থেকেই জেলা বিএনপির অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি অফিসেও সকালে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুল বাশার জানান, বাস ভাংচুর ও পোড়ানোর মামলায় গ্রেপ্তারের জন্য শনিবার রাতে বেশ কয়েকজন নেতার বাসায় অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি।
হরতাল সামনে রেখে বাস ভাংচুর ও পোড়ানোর একটি মামলায় ৯ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি একেএম ছাইফুল ইসলাম কালাম বৃহস্পতিবার ৬টা-১২টা এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
গত ২৪ মে এই ৯ নেতাকর্মী হাই কোর্ট থেকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও সেই মেয়াদ শেষে বৃহস্পতিবার শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
নেতাকর্মীদের জামিন আবেদন নাকচের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শহরের রঘুনাথবাজার, গৃদানারায়ণপুর, মুন্সিবাজার ও তিনআনী বাজারে দলের নেতাকর্মীরা দোকানপাট ও যানবাহনে ভাংচুর চালায়। এই অভিযোগে পুলিশ ওই রাতে দলটির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২২৫ ঘ.
bdnews24