ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- সরকারের সমালোচকদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়াদের সমালোচনার পাশাপাশি গণমাধ্যম যাচাই না করেই সরকারের বিরুদ্ধে লিখছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার গণভবনে আওয়ামী লীগের কুড়িগ্রামের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তার সরকার ভালোভাবেই দেশ পরিচালনা করছে। কিন্তু তা অনেকের ‘সহ্য’ হচ্ছে না।
“অনেকে আছেন, জনগণ ভালো থাকলে তাদের ভালো লাগে না। গণতান্ত্রিক ব্যবস্থা তাদের পছন্দ নয়। সকল সরকারের কাছ থেকে সুবিধা নিতে তারা অভ্যস্ত,” সমালোচকদের সমালোচনায় আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি আরো বলেন, “যারা ভালো দেখেন না, তারা চান না মানুষ একটু ভালো থাকুক। জনগণ স্বস্তিতে থাকুক। আমরা যখন গরিব মানুষকে দিচ্ছি, তখন তাদের যত হা-হুতাশ। গ্রামের মানুষের কোনো হা-হুতাশ নেই।”
“মিডিয়া টক’শোতে এক চিত্র, আর গ্রামে গেলে আরেক চিত্র,” যোগ করেন শেখ হাসিনা।
সাম্প্রতিক সাংবাদিক নির্যাতনে সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ১৪ সাংবাদিক নিহত এবং ১ হাজার ৪০০ আহত হয়েছিল।
“অনেক সাংবাদিককে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। অনেকে মামলা করতে পারেনি। আবার অনেকে নিজ এলাকাতেও থাকতে পারেনি। তখন পত্র-পত্রিকা আর ইলেকট্রনিক মিডিয়াতে সে খবর আসেনি।”
বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই জানিয়ে তিনি ইঙ্গিত করেছেন, এই স্বাধীনতার অপব্যবহারও হচ্ছে।
“মিডিয়া এখন লিখছে। প্রতিদিন সরকারের বিরুদ্ধে না লিখেলে, তাদের পেটের ভাত হজম হয় না। সত্য, না মিথ্যা তা যাচাই করার দরকার নেই। তাদের লিখতেই হবে। আমি প্রতিদিন পত্রিকাগুলো দেখি। কিছু দাগ দিয়ে রাখি। সম্পূর্ণ ভুয়া নিউজ।”
যাচাই না করে সংবাদ পরিবেশন করে বিভিন্ন সময়ে গণমাধ্যম অনেক সময় দেশের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তৃণমূল নেতাদের প্রতি তার পরামর্শ- “অনেক কথা শুনবেন। কিন্তু, নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন।”
মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে সমালোচকদের সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কেউ খেটে খেতে চাইলে এখন কাজের অভাব নেই। আমরা কাজ করার সুযোগ করে দিচ্ছি। দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না।”
সরকারের অর্জনগুলো জনগণের মধ্যে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান।
তিনি বলেন, “২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা আমাদের সুবর্ণজয়ন্তী পালন করতে পারব। এই বিশ্বাস আমরা আছে। আমরা এটা পারব।”
“ষড়যন্ত্রের শিকার হয়েই আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগ গরিবের জন্য কাজ করে- তা অনেকের পছন্দ নয়। আওয়ামী লীগ তেলা মাথায় তেল ঢালতে পছন্দ করে না,” বলেন শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24