শেরপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোকানপাট ও যানবাহনে ভাংচুরের ঘটনায় শেরপুরে বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওই থানায় এ মামলা দায়ের করেন।
জেলা বিএনপির নয় নেতাকর্মীর জামিন আবেদন নাকচের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শহরের রঘুনাথবাজার, গৃদানারায়ণপুর, মুন্সিবাজার ও তিনআনী বাজারে বিএনপি নেতাকর্মীরা দোকানপাট ও যানবাহনে ভাংচুর চালান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন যুবদলের আনোয়ার হোসেন আনার, স্বেচ্ছাসেবক দলের সফিকুল ইসলাম শফিক, রনি, শাহীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের ২২ নেতাকর্মী। এছাড়াও অজ্ঞাত সংখ্যক নেতাকর্মীও রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার ওসি (তদন্ত) খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শেরপুর জজ আদালতে দায়িত্বরত সিএসআই মো. আব্দুল আজিজ বলেন, গাড়ি ভাংচুর ও গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ৯ নেতাকর্মী বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে আদালতে হাজির হয়ে জামির প্রার্থনা করেন।
আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
২৪ মে হাই কোর্ট এ ৯ নেতাকর্মীকে ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এরপর হাই কোর্টের নির্দেশ মোতাবেক তারা শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
এদিকে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি ৯ নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার শেরপুরে আধবেলা হরতাল ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24