২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনভিজ্ঞ’ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের ‘অনভিজ্ঞতাকে’ দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের ‘অনভিজ্ঞতাকে’ দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, ‘সম্প্রতি আদালত প্রাঙ্গণে পুলিশ কর্তৃক একজন নারীর শ্লীলতাহানি, আইনজীবী-সাংবাদিকদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বলেছেন, পুলিশ বাহিনী আগের চেয়ে ভাল হয়েছে।” “আমরা এহেন বক্তব্যের নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করছি”, বলেন তিনি। হরতালের মামলায় কারাবন্দি বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে ইন্টারন্যাশনাল ডায়াল এইড ফাউ-েশন (ইডাফ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে। এছাড়া ঢাকাস্থ সেনাবাগ জাতীয়তাবাদী ফোরাম, কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন এবং স্বাধীনতা ফোরাম একই স্থানে আলাদাভাবে মানববন্ধন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতাদের মুক্তি দাবি জানায়। মানববন্ধনে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “আমরা আগেও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। কারণ আমরা বার বার বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী পরিচালনার কোনো অভিজ্ঞতা এই মন্ত্রীর নেই।” “নিম্ন আদালতে একজন নারীর শ্লীলতাহানির পর যিনি বলেন, পুলিশ বাহিনীর আচরণ আগের চেয়ে ভালো হয়েছে, এ রকম ব্যক্তির এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উচিৎ নয়”, যোগ করেন মওদুদ। সাংবাদিকদের ‘নিরাপদ দূরত্বে’ থাকার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ‘পরামর্শের’ কঠোর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “এর মাধ্যমে প্রতিমন্ত্রী স্বীকার করে নিলেন, বর্তমান পুলিশ বাহিনী একটি বর্বর বাহিনীতে পরিণত হয়েছে। তারা এই বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেই সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। এটা ন্যাক্কারজনক।’’ বর্তমান সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে মওদুদ বলেন, “তাদের (সরকার) দুঃশাসনের কারণে দেশ পরিচালনায় কোনো নিয়ন্ত্রণ নেই। ইলিয়াস আলীসহ বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে সরকারের মদদপুষ্ট লোকেরা গুম করেছে। সাংবাদিক সাগর-রুনির হত্যাকা- ও সৌদি কূটনীতিক হত্যার আজো কোনো সুরাহা করতে পারেনি তারা।” সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম এ মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন। ১১ জুনের আগে নেতাদের মুক্তি দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগস্থ জাতীয়তাবাদী ফোরামের মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হ্ইুপ জয়নুল আবদিন ফারুক বলেন, “১০ জুন নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম শেষ হবে। সরকার এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ১১ জুন ঢাকায় সমাবেশ হবে। সরকারকে বলতে চাই, ১১ জুনের আগে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের মুক্তি দিন। নইলে এর পরিণতি শুভ হবে না।” একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার আন্দোলন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে পারবে না বলেও তিনি হুঁশিয়র করেন। কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ১১ জুনের সমাবেশ সফল করার আহবান জানিয়ে বলেন, “এবারের সমাবেশে বিগত সময় থেকে বেশি লোকসমাগম চাই। এজন্য এখন থেকেই নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে।” অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল এই মানববন্ধনে বক্তব্য দেন। ‘এক দেশে আইনের দুই প্রয়োগ’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সদ্য কারামুক্ত সাংসদ এম কে আনোয়ার স্বাধীনতা ফোরামের মানববন্ধন কর্মসূচিতে বলেন, “একদিকে সরকার নিজেদের সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিরোধী দলের পুরনো মামলা প্রত্যাহার না করে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।” বিরোধী দলের নেতাদের আটক করে সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, জাতীয় নাগরিক ফোরামের সভানেত্রী খালেদা ইয়াসমীন এ মানববন্ধনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০৯ ঘ.