২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের কথা বললেন ব্রিটিশ মন্ত্রীও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর ঢাকা সফরে এসে অ্যালিস্টার বার্টও সরকার ও বিরোধী দলকে সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান মতপার্থক্য অবসানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপ করার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের তিন সপ্তাহ পরে ঢাকা সফরে আসা যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী বুধবার এক সংবাদ সম্মেলনে সংলাপের ওপর জোর দেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে গত ৫ মে সফরে আসা হিলারি রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বান জানান। সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হওয়ায় আগামী নির্বাচন বর্তমান অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে চান তারা। এই সফরে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা জানিয়ে অ্যালিস্টার বার্ট বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপে বসা উচিত- এমন মতই তিনি পেয়েছেন। বাংলাদেশে প্রথম সফরে বার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এছাড়াও বিভিন্ন জনের সঙ্গে আলোচনা হয়েছে তার। সংলাপের কথা বললেও রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রত্যাশার সমন্বয় সাধনই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী। রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের আগ্রহের কথা জানিয়ে বিএনপি বলেছে, সরকারের পক্ষ থেকে নির্বাচনকালীর নির্দলীয় সরকার প্রতিষ্ঠার ঘোষণা এলে তারা আলোচনায় রাজি। বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী। এ নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে (হাউস অফ কমন্স) আলোচনা হয়েছে বলেও জানান তিনি। র্বার্ট বলেন, “আমি আশা করছি, এই বিষয়ে পূর্ণ তদন্ত হবে।” এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস। বাংলাদেশে স¤প্রতি সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের সবগুলো ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের সহকারী মন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতিকে কোনো ধরনের ছাড় দেওয়ার পক্ষপাতি যুক্তরাজ্য নয় জানিয়ে বার্ট তার দেশের সহায়তার সুষ্ঠু ব্যবহারের ওপর জোর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২২০৩ ঘ.