ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ‘রাজনৈতিক সংকট’ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।
বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউিট সম্মেলন কক্ষে নাগরিক আন্দোলনের নেতা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফফর আহমেদ এর স্মরণে এক সভায় তিনি বলেন, “আমি মনে করি, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন তৃণমূলে জাগরণ এবং নাগরিকদের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ।”
“এর জন্য নাগরিকদের রাজনৈতিক দল না করলেও চলবে। বরং তাদের রাজনৈতিক বোধই পারে এ ধরনের সাংঘর্ষিক অবস্থান থেকে দেশকে বের করে আনতে। গণমানুষের কন্ঠস্বরকে অগ্রাহ্য করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই”, যোগ করেন তিনি।
ড. মোজাফফর প্রসঙ্গে সাবেক এই সচিব বলেন, “তিনি কখনোই দেশের রাজনীতি শুধু রাজনীতিবীদদের হাতে ছেড়ে দেবার পক্ষপাতি ছিলেন না। তিনি চেয়েছিলেন নাগরিকদের রাজনৈতিক সচেতনতা।”
“তিনি বলেছেন, নাগরিকদের সদা সজাগ থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই দেশে পরিপূর্ণতা আসবে” যোগ করেন তিনি।
গত ২৩ মে অর্থনীতিবিদ ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা অধ্যাপক ড. মোজাফফর আহমদ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান।
‘ড. মোজাফফরের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করে সামাজিক সংগঠন ‘গড়বো বাংলাদেশ’।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. শাহেদা, আব্দুল মালেক রতন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৫৫৩ ঘ.
bdnews24