২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই: মওদুদ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করার সময় সংবাদকর্মীদের নিরাপদ দূরত্বে থাকার যে পরামর্শ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন- তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন এই বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের সা¤প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি শেষে সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন, “সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ থেকে সাংবাদিকদের দূরে থাকতে বলেছেন। পুলিশের বর্বরোচিত আচরণের পর প্রতিমন্ত্রীর এই বক্তব্য থেকে প্রমাণ হয়, পুলিশের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।” মঙ্গলবার এক আলোচনা সভায় সংঘর্ষস্থলে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, “কোথাও সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করার সময় সংবাদকর্মীরা নিরাপদ দূরত্বে থাকলে অনেক ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে যাওয়া যাবে।” বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন মওদুদ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে অভিযোগ করে তিনি বলেন, “৭৫ সালে একদলীয় শাসন থেকে দেশকে জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কিন্তু সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।” মওদুদ আবারও জানান, ১০ জুনের মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে না নিলে ১১ জুন ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন খালেদা জিয়া। ১১ জুন কি রকম কর্মসূচি আসতে পারে জানতে চাইলে দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মওদুদ বলেন, “কর্মসূচি এখনো ঠিক করা হয়নি। ৯/১০ জুন তা ঠিক করা হবে। তবে আমাদের দাবি মেনে না নেওয়া হলে জনগণকে ঐক্যবদ্ধ করার এমন কর্মসূচি দেয়া হবে, যাতে আন্দোলন সামনের দিকে এগিয়ে যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৫৭ ঘ.