২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে। বুধবার হরতাল চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২১ জামায়াত ও ইসলামী ছাত্রশিবির কর্মীকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে দুটি পেট্রোল বোমাও। তবে কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি। সকাল থেকেই জামায়াত ও শিবিরকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মিছিল করে এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এসময় তারা চার-পাঁচটি যানবাহনও ভাংচুর করে। তবে পুলিশি প্রতিরোধের মুখে বড় কোন ঘটনা ছাড়াই শেষ হয় ছয় ঘণ্টার হরতাল। গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালত মঙ্গলবার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমীর শামসুলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর পরপরই হরতালের ডাক দেন দলের মহানগর নেতারা। সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরও এ হরতালে সমর্থন দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শরীফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তায় মিছিল এবং পিকেটিং করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, চান্দগাঁওয়ের আউটার সিগন্যাল ও চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১০ জন এবং পাঁচলাইশের প্রবর্তক মোড় ও ষোলশহর ২ নম্বর গেট থেকে ৮ জনকে আটক করা হয়। মুরাদপুর থেকে আটক পিকেটারদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় উল্লেখ করে তিনি বলেন, যাচাই বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হবে। তবে নগর জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ দাবি করেছেন হরতাল চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের ২৩ কর্মীকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হরতালের সমর্থনে আমরা নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, বাকলিয়া, বহদ্দারহাট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এলাকা, ষোলশহর দুই নম্বর গেইট, বৌদ্ধ মন্দির মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছি।” সকালে নগরীতে যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। প্রধান সড়কগুলোতে বাস, টেম্পো, অটোরিকশা ও রিকশা চলেছে। স্কুল-কলেজ বন্ধ থাকলেও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস আদালত খোলা এবং কার্যক্রম ছিল স্বাভাবিক। সকাল থেকেই নগরী থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে, ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চললেও বন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৩২ ঘ.