২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদমন্ত্রীর কর্তৃত্ব নিয়ে প্রশ্ন সংসদে

নিজের মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব রয়েছে কি না- সংসদে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব রয়েছে কি না- সংসদে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে। বুধবার সংসদ অধিবেশনে তাকে এই প্রশ্ন করেন নেত্রকোণা-৩ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী। গত সাড়ে তিন বছরে সংসদীয় এলাকায় পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন কোনো কাজ না হওয়া এবং তা মন্ত্রীকে জানিয়েও কোনো ফল না পাওয়ায় ক্ষুব্ধ কণ্ঠে তিনি এই প্রশ্ন করেন। মঞ্জুর কাদের সরাসরি বলেন, “মাননীয় স্পিকার আমি জানতে চাই, উনার মন্ত্রণালয়ের ওপর ওনার কোনো কর্তৃত্ব আছে কি না? “এই সাড়ে তিন বছরে আমি উনাকে ডিও লেটার দিয়েছি। উনি বলেছেন, উনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু, আমার এলাকায় কোনো কাজ হয়নি। উনার মন্ত্রণালয়ের লোকেরা উনার কথা শোনেন কি না, এটাই আমার প্রশ্ন।” মঞ্জুর কাদের জানান, তার নির্বাচনী এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য চিঠি দিয়েছিলেন তিনি। মঞ্জুর কাদেরের উত্তেজিত কণ্ঠের এই বক্তব্যের পর ডেপুটি স্পিকার শওকত আলী তাকে শান্ত থাকতে বলেন। এর পর মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, “বাংলাদেশে ৩১০টি নদী রয়েছে। বর্ষা মৌসুমে তা ৬০০ থেকে ৭০০ পর্যন্ত হয়ে যায়। পানিসম্পদ মন্ত্রনালয়ের পক্ষে এত নদী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।” তবে, মঞ্জুর কাদেরের নির্বাচনী এলাকায় বেড়িবাঁধগুলো নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। এরপর, বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান তার প্রশ্নে বলেন, “মন্ত্রী বর্ষা মৌসুমে নদী ভাঙার (ভাঙন ঠেকানো) কাজ করেন না। উনি শুকনো মৌসুমে করেন। আবার শুকনো মৌসুমে টাকাও থাকে না।” এই প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, “আমাদের এত নদী, সব নদীর ভাঙন একসঙ্গে দেখতে পারি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১০ ঘ.