ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যবার্ষিকী বুধবার। দিনটিকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবারের কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পমাল্য অপর্ণ, কবর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি।
এসব কর্মসূচিতে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে কবর আঙিনায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এর আগে প্রয়াত জিয়ার প্রতি সম্মান জানাতে সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার-বৃহস্পতিবার চারদিন ঢাকা সিটি কর্পোরেশনের সব থানা ও ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন করবে। এজন্য সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩৭ ঘ.
bdnews24