ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশে বিএনপির কারাবন্দি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারডেম হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মকর্তা মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে (খোকা) কাশিমপুর কারাগার থেকে আনা হয়। হাসপাতালের অষ্টম তলায় ৮০৪ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।
খোকার আবেদনে সোমবার তাকে চিকিৎসার জন বারডেম হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় হাই কোর্ট। একইসঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না, তাও জানতে চায় আদালত।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন চেয়ে আবেদন করলে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চ এ আদেশ দেয়।
খোকাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না- এক সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে তা জানাতে বলা হয়।
গত রোববার একই মামলায় বিরোধী দলীয় জোটের পাঁচ সংসদ সদস্যকে জামিন দেয় হাই কোর্ট। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিষয়ে কেবল রুল জারি করা হয়।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। ওই রায়ের বিরুদ্ধেই রোববার হাই কোর্টে যান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫০২ ঘ.
bdnews24