চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে বুধবার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালত মঙ্গলবার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমীর শামসুলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর পরপরই হরতালের ডাক দেন দলের মহানগর নেতারা।
মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বারটা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে।
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর জাফর সাদেকও হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ উল্লাহ জানান, সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা।
ইসলামী ছাত্র শিবিরও বুধবারের হরতালে সমর্থন দিয়েছে।
গত ১৩ মে চট্টগ্রামের কাজীর দেউরী ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে শতাধিক আহত হন। সে সময় তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে বিএনপি-জামায়াতকর্মীরা।
এই ঘটনায় কোতয়ালী ও খুলশী থানায় পুলিশ দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা করে। এতে বিএনপি ও জামায়াত নেতাদের স্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়।
সাংসদ আ ন ম শামসুল ইসলাম একটি মামলায় উচ্চ আদালতের জামিন পেলেও তার মেয়াদ শেষে মঙ্গলবার মেয়াদ বাড়ানোর আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাকে কারাগারে পাঠাতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৫৫০ ঘ.
bdnews24