ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যের মধ্যে চার জন ছাড়া পেলেও অন্য মামলায় আটকে গেছেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।
একই সময়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন এলডিপি সভাপতি অলি আহমদ ও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
তবে কাশিমপুরে থাকা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ্যানি ছাড়া পাননি।
কাশিমপুরের উপকারাধ্যক্ষ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, ধানমণ্ডি থানার একটি মামলায় বিএনপির এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি বিভাগে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে তারা এই বিষয়ে কিছু জানাতে পারেননি।
হরতালে তেজগাঁও থানায় করা গাড়ি পোড়ানোর মামলায় গত রোববার এই পাঁচ সংসদ সদস্যকে ছয় সপ্তাহের জামিন দেয় হাই কোর্ট।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর দুই বিএনপি নেতাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুরের উপ কারাধ্যক্ষ মুশফিকুর বলেন, “এ্যানি মুক্তি না পেলেও অলি আহমদ ও আন্দালিব রহমান পার্থকে কারাগারের ইউনিট-২ থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”
কারাগার থেকে বেরিয়ে অলি আহমদ কারফটকে সাংবাদিকদের বলেন, “সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বলছে। আলোচনা করতে হলে আগে ১৮ দলের নেতাদের মুক্তি দিতে হবে। হুমকি-ধামকি দিয়ে দেশ শান্তিতে চালানো যায় না।”
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
ফখরুলসহ ৩৩ নেতা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। পরে একই প্রক্রিয়ায় কারাগারে যান মাহবুবউদ্দিন খোকনও।
এছাড়া পুলিশ গ্রেপ্তার করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে।
এই মামলায় ফখরুল ছাড়াও কারাগারে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমডি/সিএস/এএল/২০৫৬ ঘ.
bdnews24