২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপে জোর দিয়েছেন ব্রিটিশ সহকারী মন্ত্রী’

সব দলের অংশগ্রহণের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের উপায় বের করতে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব দলের অংশগ্রহণের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের উপায় বের করতে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে যুক্তরাজ্য। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিস্টার বার্ট এ কথা বলেন বলে জানান সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, “বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, আগামীতে মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে হলে তা নির্দলীয় শাসনব্যবস্থার অধীনেই করতে হবে। এটাই বিএনপির নীতিগত অবস্থান। এ সময় আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ সহকারী মন্ত্রী।” বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৈঠকে দলের অবস্থান ব্যাখ্যা করে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে তিনি রাজি আছেন। নির্দলীয় সরকারের নাম নিয়েও তার দলের কোনো আপত্তি নেই। তিন দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান অ্যালিস্টার বার্ট। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই এমপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিভাগের সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শমসের মবিন বলেন, “যুক্তরাজ্য মনে করে, বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, যাতে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের অবসান হয় এবং দেশ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে।” প্রায় ৪০ মিনিটের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, “বৈঠকে ইলিয়াস আলীসহ বাংলাদেশে ‘গুমের’ ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। বৃটিশ মন্ত্রী এ বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা জানিয়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যে হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স- এও আলোচনা হয়েছে। যুক্তরাজ্য মনে করে এর অবসান হওয়া উচিৎ।” অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬১২ ঘ.