২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা ‘হাওয়া ভবনের সম্পৃক্ততা বলেন মুফতি হান্নান’

২১ অগাস্টের গ্রেনেড হামলায় হাওয়া ভবনের সম্পৃক্ততার কথা হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান জিজ্ঞাসাবাদের জানান বলে আদালতে সাক্ষ্যে বলেছেন এক পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২১ অগাস্টের গ্রেনেড হামলায় হাওয়া ভবনের সম্পৃক্ততার কথা হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান জিজ্ঞাসাবাদের জানান বলে আদালতে সাক্ষ্যে বলেছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ। নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই পুলিশ কর্মকর্তার জবানবন্দি নেওয়ার পর আগামী ৩ এবং ৪ জুন তাকে জেরার জন্য দিন ঠিক করেছেন। ইউসুফ আদালতে বলেন, তিনি রমনা বটমূলে বোমা হামলার মামলার তদন্তে হুজি প্রধান মুফতি হান্নানের মুখ থেকে হাওয়া ভবনের সম্পৃক্ততা জানতে পারেন। “মুফতি হান্নান আমাকে বলে, তারেক রহমান তাকে আশ্বস্ত করেন যে গ্রেনেড হামলার পর পালাতে তিনি প্রশাসনিক সহযোগিতা দেবেন,” বলেন এই পুলিশ কর্মকর্তা। ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বর্তমান মহাজোট সরকারের সময়ে অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেকসহ ৩০ জন। চারদলীয় জোট সরকার আমলে এই মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে গত তত্ত্বাবধায়ক সরকার আমলে মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ইউসুফ বলেন, “সিআইডি কর্মকর্তা মুন্সী আতিকুর রহমান, রুহুল আমিন, পুলিশের সাবেক আইজি খোদা বকশ চৌধুরী সবাই আমাকে রমনা বটমূল মামলায় মুফতি হান্নানের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আবেদন করতে বার বার নিষেধ করেন।” মামলার মোট ৫২ আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মুজাহিদসহ ২৬ আসামিকে রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাবেক কমিশনার আরিফুর রহমানসহ জামিনে থাকা সাত আসামিও হাজির ছিলেন। যুক্তরাজ্যে অবস্থানরত তারেককে এই মামলায় পলাতক দেখিয়েই বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২৩৬ ঘ.