২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের বক্তব্য মূল্যহীন: মওদুদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘মূল্যহীন’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘মূল্যহীন’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে আশরাফের আলোচনায় বসার আহ্বানের পরিপ্রেক্ষিতে রোববার বিকালে এক সমাবেশে মওদুদ এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গতকাল প্রধানমন্ত্রী বললেন- আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। আর আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন- অন্তর্বতীকালীন সরকারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে তারা বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।” “তাহলে আমরা প্রধানমন্ত্রী না সাধারণ সম্পাদকের কথা বিশ্বাস করবো। তাই সাধারণ সম্পাদকের এরকম কথা মূল্যহীন বলে আমরা মনে করি,” যোগ করেন মওদুদ। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সৈয়দ আশরাফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ নেই। বিরোধী দল অন্তর্বতীকালীন সরকারের প্রস্তাব তুললে এ নিয়ে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৩২ ঘ.