২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি’

সাংবাদিক নির্যাতন আর হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আশ্বস্ত করলেও আগারগাঁওয়ের ঘটনা তার সেই প্রতিশ্রুতির বিপরীত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতন আর হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আশ্বস্ত করলেও আগারগাঁওয়ের ঘটনা তার সেই প্রতিশ্রুতির বিপরীত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। আগারগাঁওয়ে তিন সাংবাদিককে পেটানোয় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এই কথা বলা হয়। শনিবার পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় দায়িত্বপালনরত তিন সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে রোববার সমাবেশের পাশাপাশি মিছিলও করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পুলিশের নির্যাতনে আহত প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। সকাল ১১টার দিকে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে তোপখানা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ওই সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক নির্যাতন যেন স্টাইলে পরিণত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন যে আর সাংবাদিক নির্যাতন করা হবে না। অথচ তিনি কথা রাখতে পারেননি।” ‘নির্যাতনকারী’ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলামকে চাকরিচ্যুত করা ও প্রচলিত আইনে তার বিচারের দাবি জানান ডিআরইউ সভাপতি। প্রতিশ্রুতি রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন- মন্তব্য করে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন বলেন, “কোনো সভ্য সমাজে এমন কার্যক্রম চলতে পারে না।” স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, “আপনি সাংবাদিক নির্যাতনে সফল।” পুলিশ কর্মকর্তা শহীদুলকে শনিবার প্রত্যাহার করা হলেও রোববার তাকে ঢাকা থেকে রাঙামাটিতে বদলি করা হয়। পরে অবশ্য সে সিদ্ধান্ত বদলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক। ডিআরইউ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, “গত চার মাসে নানা কারণে আমাদের রাজপথে থাকতে হয়েছে। এই সময় ১১৯ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার ও খুন হয়েছেন। পুলিশ প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।” “বিভিন্ন জেলায় এখন পুলিশকে বলা হয় আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন সরকারের তল্পিবাহক হয়ে কাজ করলে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে,” বলেন তিনি। ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কল্লোল পুলিশি হামলার ‘ধিক্কার’ জানান। ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু বলেন, “ফটো সাংবাদিকদের হাত ভেঙে দেওয়া হয়েছে, যাতে তারা আর কোনোদিন ছবি তুলতে না পারে।” “সাংবাদিকদের নিয়ে পুতুল খেলা করবেন না। ভয় দেখাবেন না,” সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দেন তিনি। আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা আহত তিন আলোকচিত্র সাংবাদিককে দেখতে বিকালে ট্রমা সেন্টারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। মঈন খান আহত সাংবাদিকদের সান্ত্বনা দিয়ে বলেন, “আমরা আপনাদের পাশে সবসময় থাকব।” “একটি দেশে সভ্যতা বিবর্জিত ঘটনা তখনই ঘটে, যখন আইনের শাসন থাকে না,” বর্তমান সরকারের সমালোচনা করে বলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফও আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এলএইচ/এমআই/১৯১৬ ঘ.