ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, এলডিপি সভাপতি অলি আহমেদসহ ১৮ দলের কারাবন্দি নেতাদের বাসায় গিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সদস্য সচিব আবদুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আটক নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মহাখালীতে আ স ম হান্নান শাহ ও অলি আহমেদ, ওয়ারিতে কাজী আবুল বাশার, খিলগাঁওয়ে ইউনুস মৃধা ও তেজগাঁওয়ের রাজারবাজারে আনোয়ারুজ্জমান আনোয়ারের বাসায় যান তারা।
এছাড়া দলের স্থায়ী কমিটির অপর সদস্য মওদুদ আহমদ শুক্রবার বিকালে শ্যামলীর আদাবরে আটক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন। এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা গাজী মাজহারুল ইসলাম দোলন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল বিএনপির হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় দ্রুত বিচার আইনে তেজগাঁও থানায় মামলা হয় ওই রাতেই।
গত ১০ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে দেওয়া অভিযোগপত্র গত ২১ মে গ্রহণ করেন বিচারক।
মির্জা ফখরুলসহ মামলার অন্য আসামিরা এ মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন। সে সময় হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১০১৫ ঘ.
bdnews24