ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে ‘হার্ড লাইন’ ছেড়ে ‘সমঝোতায়’ আসার জন্য বিএনপির আহ্বান প্রত্যাখ্যান করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারা অবস্থান বদলাবেন না।
শুক্রবার শিল্পকলা একাডেমীতে এক স্মরণসভায় তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “ভবিষ্যতের জন্য সাবধান থাকবেন। আন্দোলনের নামে যদি সন্ত্রাস চালানো হয়, সেই সন্ত্রাস মেকাবিলার জন্য আমরা হার্ডলাইনে যাবই। মামলা হবেই।”
হরতালের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, “সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি মেনে নিন।”
এ বিষয়ে কামরুল বলেন, কোনো অবস্থাতেই নির্বাচিত সরকারের বিকল্প অনির্বাচিত সরকার হতে পারে না।
এ বিষয়ে ‘শর্তহীন’ সংলাপের জন্য তিনি বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কীভাবে আমরা অন্তবর্তীকালীন সরকার গঠন করতে পারি আসুন সে বিষয়ে আলাপ করি।”
“সংলাপের কোনো বিকল্প নাই। কিন্তু শর্ত দিয়ে কোনো সংলাপ হবে না”, যোগ করেন তিনি।
বিএনপিকে ‘কাগুজে বাঘ’ আখ্যায়িত করে তিনি বলেন, “আপনারা কতখানি নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারেন তা আমাদের জানা আছে। বিএনপি একটা কাগুজে বাঘ। তাদের আমরা ভয় করি না। এখনো বলছি সোজা পথে আসুন।”
‘সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে’- মওদুদের এমন অভিযোগের জবাবে কামরুল বলেন, “এটা একবারেই ভিত্তিহীন কথা। রায় আপনাদের বিপক্ষে গেলেই বলেন বিচার বিভাগকে প্রভাবিত করা হয়েছে। বিচার বিভাগকে আপনারাই নগ্নভাবে প্রভাবিত করেছিলেন। এখন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।”
হরতালে গাড়িতে আগুন দেওয়ার পেছনে যে বিএনপির শীর্ষ নেতাদের ‘প্ররোচনা’ ছিল- তার ‘প্রমাণ আছে’ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “গতকাল আমি দেখলাম ঢাকা মহানগর হাকিম বলছেন এসব প্রথম সারির নেতাদের টেলিফোন সংলাপ ট্যাপ করা হয়েছে।”
এই প্রমাণের ভিত্তিতেই তাদের জামিন হয়নি বলেও তিনি ইঙ্গিত দেন।
পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ আয়োজিত এই স্মরণসভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিক হোসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসডব্লিউ/জেকে/১৬০১ ঘ.
bdnews24