২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্বাচিতদের হাতে ক্ষমতা নয়: এরশাদ

“যে নামেই হোক, কোনো অনির্বাচিত ব্যক্তি বা ব্যক্তিদের হাতে দেশের দায়িত্বভার ছেড়ে দেওয়া আমরা মেনে নেব না,” বলেছেন জাপা চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, কোনো অনির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা একদিনের জন্যও ছেড়ে দেওয়া যাবে না। বৃহস্পতিবার ঢাকায় এক সভায় তিনি বলেন, “যে নামেই হোক কোনো অনির্বাচিত ব্যক্তি বা ব্যক্তিদের হাতে দেশের দায়িত্বভার ছেড়ে দেওয়া আমরা মেনে নেবো না। জনগণকে নিয়েই ওই অপচেষ্টা প্রতিহত করবো।” গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ও জাসদের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, দেশের মানুষ দুই দলকে দেখা শেষ করেছে। ২২ বছরে তারা দেশবাসীকে কিছুই দিতে পারেনি। দুই দলের শাসনে জনগণ অতিষ্ঠ। চলমান বিদ্যুৎ সংকটের সমালোচনা করে এরশাদ বলেন, বিদ্যুতের জন্য দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিনিয়ত শুনি বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু বিদ্যুতের দেখা পাওয়া যায়না। জাতীয় পার্টিকে নির্বাচনমুখী দল অভিহিত করে তিনি বলেন, “শত প্রতিকূলতার মাঝেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামীতেও অংশ নেব। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের আর কোনো ব্যবস্থা নেই।” বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথিত সরকারি হস্তক্ষেপের অভিযোগকারীদের কঠোর সমালোচনাও করেন সাবেক এই স্বৈরশাসক। “এখন বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা বলা হয়। বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করা হয়। যারা এই অভিযোগ করছেন তাদের আমলে বিচার ব্যবস্থার উপর সবচেয়ে বেশি হস্তক্ষেপ করা হয়েছে। আমরা জামিনযোগ্য মামলাতেও কখনো জামিন পাইনি।” বিচার বিভাগের স্বাধীনতা, দলীয়করণমুক্ত প্রশাসন, প্রতিহিংসার রাজনীতির অবসান, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সংস্কারের জন্য দুই দলের ‘পালাবদলের’ অবসান ঘটিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে বলে মনে করেন এরশাদ। সভায় বিএনপি নেতা মোতাহার হোসেন সিদ্দিকী শাহীন, মো. করিম মেম্বার, ফিরোজ মিয়া এবং জাসদের মো. আসাদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে দল দুটির নেতাকর্মীরা এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১০২ ঘ.