ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাদের কারাগারে পাঠানোর ক্ষেত্রে সরকার আদালতকেও প্রভাবিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বৃহস্পতিবার এক সমাবেশে তিনি সরকারকে ‘হার্ড লাইন’ ছেড়ে সমঝোতার পথে আসার আহবান জানিয়েছেন।
হরতালের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে নয়া পল্টনে বিকালে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
তিনি বলেন, “জনপ্রিয়তা নেই বলে সরকার হার্ড লাইনে গেছে। রাজনীতিতে এরকম শক্ত অবস্থান নিলে এর প্রতিক্রিয়া ভিন্ন হয়।
“তাই সরকারকে বলব, এখনো সময় আছে, সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি মেনে নিন।”
সরকারের বিরুদ্ধে আদালতকে ‘চাপে’ রাখার অভিযোগ তুলে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “আদালতকে প্রভাবিত করা হচ্ছে। এর ফলে নেতারা জামিন পাচ্ছে না।”
সংসদ অধিবেশন আহ্বানের ৭ দিন আগে থেকে সংসদ সদস্যদের গ্রেপ্তারের বিধান নেই বলে দাবি করেন এই সংসদ সদস্য।
কারবন্দি বিরোধীদলীয় নেতাদের মধ্যে এম কে আনোয়ার, অলি আহমদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবউদ্দিন খোকন ও আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য।
বাজেট অধিবেশনের আগে তাদের মুক্তি দাবি করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “বিরোধী দলের আন্দোলন রুখতে সরকার আষাঢ়ে গল্প সাজিয়ে নেতাদের গ্রেপ্তার করেছে। কিন্তু এতে লাভ হবে না। গণবিস্ফোরণে এই সরকারে পতন হবে।”
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, নেতাদের মুক্তি দাবিতে আগামী ২৭ মে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ হবে।
সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মিজানুর রহমান মিনু, আহমেদ আজম খান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু সাঈদ খান খোকন, শিরিন সুলতানা, শফিউল বারী বাবু, আবদুল আউয়াল খান, আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫২ ঘ.
bdnews24