ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘ঢালাওভাবে’ করা এ প্রতিবেদনের তথ্য ‘সত্য নয়’।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,
“আমাদের দেশে জবাবদিহিতার ব্যবস্থা আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই তারা (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) যে ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশ করেছে তা সত্য নয়।”
বুধবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, সরকার বিচার বহির্ভূত হত্যা বন্ধের অঙ্গীকার করলেও তা থামেনি। র্যাবের বিরুদ্ধে গত বছর বিচার ছাড়াই ৫৪ জনকে হত্যার অভিযোগ এসেছে। এসব ঘটনার স্বাধীন তদন্ত বা সুবিচার- কোনোটিই হয়নি।
এই প্রতিবেদন নিয়ে সরকার উদ্বিগ্ন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “তারা তাদের নিজস্ব মতামত দিয়েছে। আমরা তা মানছি না, তাই উদ্বিগ্নও নই।”
তবে সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার নতুন নারী নীতি কার্যকর করতে ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টুকু শুধু বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৫৫ ঘ.
bdnews24