ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের কারাবন্দি সাংসদদের মুক্তি দাবি করেছে বিএনপির সংসদীয় দল।
বৃহস্পতিবার সকালে সংসদ ভবন প্রাঙ্গণে দলীয় সাংসদদের এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আগামী ২৭ মে বিকালে সংসদ অধিবেশন বসবে। তাই রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ নেতা প্রধানমন্ত্রীর কাছে বিনিতভাবে অনুরোধ জানাব- এর আগেই আমাদের কারাবন্দি সংসদ সদস্য এম কে আনোয়ার, অলি আহমেদ, মাহবুব উদ্দিন খোকন, আন্দালিব রহমান পার্থ ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে মুক্তি দিন।”
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদেরও মুক্তি দাবি করেন তিনি।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান আগামী ২৭ মে বিকাল ৫টায় সংসদের বাজেট অধিবেশন ডেকেছেন। এটা নবম সংসদের ত্রয়োদশ অধিবেশন।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। মহানগর দায়রা জজ আদালতও বুধবার তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে।
এই নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব দিকের সড়কে বিএনপির সাংসদরা প্রায় ৪৫ মিনিট মানববন্ধন করেন।
আসন্ন অধিবেশনেই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুণর্বহালের বিল তোলার দাবি জানিয়ে ফারুক বলেন, “সরকারকে আহ্বান জানাব, দয়া করে আর সময় নষ্ট করবেন না। চলতি অধিবেশনেই নির্দলীয় সরকার ব্যবস্থা পূর্ণবহাল করে দেশে অস্থিতিশীল রাজনীতির অবসান করুন।”
স্পিকার আবদুল হামিদ সমালোচনা করে ফারুক বলেন, “নবম সংসদে পাঁচ জন সংসদ সদস্য মিথ্যা মামলায় গ্রেপ্তার হলেন, স্পিকার সাহেব তাদের কোনো খবর নেননি। স্পিকার যদি নিরপেক্ষ হতেন, তা হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইতেন- কেন সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হলো। কিন্তু তিনি তা করেননি।”
অন্যদের মধ্যে সাংসদ বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া মানবনন্ধনে বক্তব্য রাখেন।
এছাড়া মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এ কে এম হাফিজুর রহমান, মোজাহার আলী প্রধান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মেজবাহ উদ্দিন ফরহাদ, শেখ সুজাত মিয়া, রুমানা মাহমুদ, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আখতারসহ ১৯ জন সাংসদ এই কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২২৪ ঘ.
bdnews24