২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: ‘মুখ খুলতেও বারণ ছিল বাবরের’

আদালতে সাক্ষ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র-গোলাবারুদ খালাসের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সদস্যদের জড়িত থাকার বিষয়ে মুখ খুলতে বারণ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় দেওয়া জবানবন্দিতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তৎকালীন কমিশনার এস এম সাব্বির আলী এ কথা বলেন। তিনি বলেন, “অস্ত্র আটকের ঘটনার পরদিন দামপাড়া পুলিশ লাইনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তৎকালীন পুলিশ মহাপরিদর্শক শহুদুল হক, ডিজিএফআই প্রধান সাদিক হাসান রুমি, র‌্যাবের তৎকালীন প্রধান আনোয়ারুল ইকবালসহ বৈঠকে বসেন।” এতে সাব্বির আলী ছাড়াও সিএমপি’র তৎকালীন উপ-কমিশনার (ডিসি) বন্দর জোন আব্দুল্লাহ হেল বাকী উপস্থিত ছিলেন বলে জানান তৎকালীন সিএমপি কমিশনার। আদালতে দেওয়া জবানবন্দিতে সাব্বির বলেন, “বৈঠক চলাকালে মন্ত্রী ও আইজি মহোদয়কে অস্ত্র-গোলাবারুদ আটকের ঘটনার সঙ্গে কতিপয় এনএসআই অফিসার জড়িত থাকার বিষয়টি বলি। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- এখন আপাতত এ বিষয়ে কিছু বলবেন না এবং করবেন না।” “এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়ে মন্ত্রী আমাকে ও ডিসি পোর্ট বাকীকে কোথাও কিছু না বলতেও নির্দেশ দেন।” ঘটনার তদন্তে সিইউএফএলের ঊর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার কথাও জানান সাব্বির। তিনি বলেন, “ঘটনার তদারকির সময় জানতে পারি ট্রলার থেকে অস্ত্র নামানো ও পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ক্রেন ভাড়া করেছিলেন আকবর হোসেন নামে এনএসআইয়ের একজন ফিল্ড অফিসার। তখন তাকে খুঁজে না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা যায়নি।” বর্তমানে অবসর জীবনযাপন করা পুলিশ কর্মকর্তা এস এম সাব্বির আলী বুধবার বিকালে সাক্ষী হিসেবে তার জবানবন্দি দেওয়া শুরু করেন। এর আগে মঙ্গলবারও সাক্ষ্য দেন তিনি। এস এম সাব্বির জানান, ওই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং সাক্ষীদের বক্তব্য নেন। এ সময় কমিটি প্রধান ওমর ফারুককে এনএসআইয়ের প্রধান আবদুর রহিমসহ কতিপয় সদস্য যুক্ত থাকার সন্দেহের কথা জানালেও তিনি নিরুত্তর থাকেন। বুধবার বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি তার অসমাপ্ত জবানবন্দি দেন। এরপর বিকাল সাড়ে তিনটা থেকে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। শুরুতেই সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার তাকে জেরা করেন। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি করা হয় আদালত। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটিঘাটে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি পৃথক মামলা হয়। লকআপে আট আসামি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহমেদের আপত্তির মুখে জেরার শেষ পর্যায়ে আদালতে উপস্থিত দশ আসামির আটজনকে লকআপে ঢোকানোর নির্দেশ দেন আদালত। বিকেল পৌনে ৫টার দিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার সাক্ষীকে জেরার এক পর্যায়ে উপস্থিত আইনজীবীরা হেসে উঠলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তা আদালতের নজরে আনেন। পরে বিচারক আসামিপক্ষের আইনজীবীদের কাছে জানতে চান- “আদালতকক্ষে মামলার কার্যক্রম চলাকালে আসামিদের বসার আদেশ কে দিয়েছে? আমি চেয়েছিলাম পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আপনারা নিজেরাই পরিস্থিতি উত্তপ্ত করছেন।” বিচারক বলেন, “এখানে দুই জন সাবেক মন্ত্রী আছেন তারা বসতে পারেন। অন্যরাও কি নিজেদের মন্ত্রী মনে করছেন?” এক পর্যায়ে বিচারক সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া বাকি আট আসামিকে লকআপে ঢোকাতে নির্দেশ দেন। এরা হলেন- এনএসআই’র সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএল’র সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদার, চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৫ ঘ.