ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে বিশৃঙ্খলার ঘটনায় দ্রুতবিচার আইনে করা মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবীদের গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আদালত বর্জনের কর্মসূচি দিয়ে মঙ্গলবার বিক্ষোভ করলেও মামলার পর বুধবার বিএনপির আইনজীবীদের অনেককেই আদালত প্রাঙ্গণে দেখা যায়নি।
হরতালের এক মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা মাহবুবউদ্দিন খোকনকে সোমবার বিচারক কারাগারে পাঠালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এরপর বুধবার আইনজীবীদের বিক্ষোভের সময় আদালত কক্ষের জানালার কাচ ভাংচুর হয়, বিচারকদের কটূক্তি করে মিছিলে স্লোগান দেওয়া হয়, কালো পতাকা ছুড়ে দেওয়া হয় এজলাস লক্ষ্য করে।
এরপর রাতে কোতোয়ালি থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা করে পুলিশ। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজাহারে নাম উল্লেখ করা আইনজীবীদের গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।”
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারের নাম এজাহারে রয়েছে।
এছাড়াও যাদের নাম এজাহারে রয়েছে, তারা হলেন- ওমর ফারুক, আব্দুর নূর ভূইয়া বাবলু, আব্দুল খালেক মিলন, জালাল আহমেদ দোলন, হেলাল উদ্দিন, নূরুজ্জামান(১), জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (ছোট), দিদার (বড়), নুরুজ্জামান(২), হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক জর্জ, জামাল আলী মিয়া, পাপ্পু ও মিলন।
মঙ্গলবারের মিছিলে তাদের দেখা গেলেও বুধবার তাদেরসহ অন্য অনেককেই দেখা যায়নি আদালতপাড়ায়। যারা এসেছেন, তাদের কয়েকজন জানান, গ্রেপ্তার এড়াতে অন্যরা আদালত এড়িয়ে চলছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুটিকয়েক সদস্য আদালত প্রাঙ্গণে বুধবার মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আবেদ রাজা এবং আজিজুল হক খান বাচ্চু।
অন্যদিকে সরকার সমর্থক আইনজীবীরা আদালতপাড়ায় বড় মিছিল করেছে। মিছিলের পর সমাবেশে আদালত প্রাঙ্গণে ভাংচুর ও উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯১৫ ঘ.
bdnews24