চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন বাদী বিমল শীল।
বুধবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগমের আদালতে বিমল শীল সাক্ষ্য দেন।
জবানবন্দি পুরোপুরি শেষ না হওয়ায় বিচারক আগামী ৩ জুন সাক্ষ্য নেওয়ার নতুন দিন নির্ধারণ করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দ্বিতীয় দিনের মতো বাদী বিমল শীল সাক্ষ্য দিয়েছেন। বুধবারও তার জবানবন্দি প্রদান পুরোপুরি শেষ হয়নি। তাই আগামী ৩ জুন সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ রেখেছেন বিচারক।”
গত ১৫ মে বিমল শীল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন।
চাঞ্চল্যকর এ ঘটনার ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি।
আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৫২ ঘ.
bdnews24