ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাদের ‘মিথ্যা মামলায়’ সাজা দিয়ে নির্বাচন থেকে বিরত রাখার ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দিয়ে নেতাদের সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার। উদ্দেশ্য একটাই তারা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। এভাবে মামলা দিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।”
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার অন্য নেতাদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিনের আবেদনে দুপুরে আদেশ দেবে মহানগর দায়রা জজ আদালত।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ অন্তত ৩৭ নেতা কারাগারে রয়েছেন।
দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের সমালোচনা করে ফারুক বলেন, “দেশের মানুষ সরকারের এই ষড়যন্ত্র বুঝে গেছে। তাদের (সরকার) বলব, এভাবে নির্যাতন-নিপীড়নের পথ বন্ধ করুন।”
দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন বাতিল করার সমালোচনা করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের নির্দেশে এই জামিন বাতিল করা হয়েছে।
“বিচার বিভাগ নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না”, যোগ করেন ফারুক।
‘
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি’
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, ২৭ মে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত বিল উপস্থাপন করনি। তাহলে আমরা সংলাপে বসতে রাজি আছি। দয়া করে আর অস্থিতিশীল রাজনীতি থেকে দেশকে বাঁচাতে ১০ জুনের মধ্যে এই দাবি মেনে নিন। নেতাদের অবিলম্বে মুক্তি দিন।”
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে আগামী ১০ জুন পর্যন্ত সরকারকে সময় দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফারুক বলেন, “আমরা জনগণের কথা বিবেচনা করে কঠিন কোনো কর্মসূচি দিচ্ছি না। কিন্তু ১০ জুনের পর আমরা আর সেদিকে তাকাবো না। সরকারকে দাবি পূরণে বাধ্য করতে আমরা কর্মসূচি দেবো।”
সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আরলী, রাশেদা বেগম হীরা, সুলতানা আহমেদ বক্তব্য রাখেন।
এর আগে একই স্থানে ঢাকাস্থ সিরাজগঞ্জবাসী জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা কারাবন্দি ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমসহ নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করে।
এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, তথ্য ও গবেষনা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ সিরাজগঞ্জের নেতারা বক্তব্য রাাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪২৩ ঘ.
bdnews24