২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংবিধান আসামির কাঠগড়ায়: তরিকুল

গণতন্ত্র ও সংবিধানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকার দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র ও সংবিধানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকার দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ অভিযোগ করেন। “দেশে আজ কোনো গণতন্ত্র নেই। সংবিধানকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে সরকার। তাদের (সরকার) চাপে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গোটা দেশটাকে তারা কারাগারে পরিণত করেছে,” দাবি করেন তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়। সমাবেশে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আটক নেতাদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার থানায় থানায় এবং শনিবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন। সরকারের কথিত দমন-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তরিকুল বলেন, সরকার দেশের অবস্থা এমন পর্যায় নিয়ে গেছে, তাদের অপসারণ ছাড়া আর কোনো পথ নেই। সরকারের ‘স্বৈরাচারী মুখোশ’ আজ জনগণের কাছে উন্মোচিত হয়ে গেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করতে চায় এই সরকার। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলকে চলমান আন্দোলনে সামনের সারিতে থাকার তাগিদ দেন এই বিএনপি নেতা। সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম, গিয়াস উদ্দিন খোকন, মোরতাজুল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী নেয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৩ ঘ.