২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. আনিসুজ্জামানকে জেরা শেষ

সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলায় প্রথম সাক্ষী ড. আনিসুজ্জামানকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 07:36 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলায় প্রথম সাক্ষী ড. আনিসুজ্জামানকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপককে রোববার জেরা শেষ করার পর বিএনপি নেতার কৌঁসুলিরা বলেছেন, তার সাক্ষ্য কিছুটা জনশ্রুতি, বাকি অংশ ‘জনশ্রুতির জনশ্রুতি’। ৭৫ বছর বয়সী ড. আনিসুজ্জামানকে জেরা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালেই ২৩ ধরনের অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিচার চলছে। জেরার সময় আসামি পক্ষের কৌঁসুলি আহসানুল হককে ট্রাইব্যুনাল বার বার মনে করিয়ে দেয় নির্ধারিত এক ঘণ্টার মধ্যে জেরা শেষ করতে হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটার জেয়াদ-আল-মালুম তার সাক্ষীকে দীর্ঘ জেরার প্রতিবাদ জানিয়ে কয়েকবার উঠে দাঁড়ান। অধ্যাপক আনিসুজ্জামান তার সাক্ষ্যে বলেন, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয় ও কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছোট ছেলে প্রফুল্লের সঙ্গে রামগড়ে অবস্থানের সময় তার দেখা হয়। প্রফুল্ল তার তার বাবার হত্যাকাণ্ডের কথা তাকে জানান। প্রফুল্লও অন্যদের কাছে শুনেছিলেন যে ১৩ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানি সৈন্যদের নিয়ে কুণ্ডেশ্বরীতে এসেছিলেন। সৈন্যরা নূতন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে ফিরে যাওয়ার সময় সালাউদ্দিন কাদেরের প্ররোচনায় পুনরায় ফিরে আসে এবং হত্যা করে চলে যায়। দিনের শুরুতে আসামি পক্ষের কৌঁসুলি ফখরুল ইসলাম ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ড. আনিসুজ্জামানের সাক্ষ্য বিষয়ে ১৭ মে নিউ এইজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ভুল বলে আইনজীবী দাবি করলে তাতে সায় দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। তবে পরে বিষয়টি দেখবেন বলে জানান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর তদন্ত সংস্থা ৮,০০০ হাজার পৃষ্ঠার তথ্যসহ ১১৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে, যা ১৪ নভেম্বর গ্রহণ করে ট্রাইব্যুনাল। বিএনপির এই সংসদ সদস্যের বিরুদ্ধে গত ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদেরকে ২০১০ সালের ২০ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। তার পাঁচ দিন আগে গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/০১৩৩ ঘ.