ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনের দেড় বছর আগেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।
একজন নির্বাচন কমিশনার রোববার সাংবাদিকদের বলেছেন, “বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবহারের পর জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহারের পক্ষে মত জানিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিসহ বিরোধী দল ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণে তাদের আপত্তি জানিয়ে আসছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ইভিএমে বিরোধিতাকারীদের রাজি না করিয়ে তারা সিদ্ধান্ত নেবেন না। বিরোধী দল রাজি না হলে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচনে।
“জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে, তা মুখ্য নয়। আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। সব পক্ষকে রাজি করা না গেলে আগের মতো নির্বাচন হবে। আমাদের কাছে মুখ্য হল, সুষ্ঠু, সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন,” বলেন তিনি।
নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। এজন্য প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে ইসি কর্মকর্তাদের ধারণা।
বিরোধী দলের আপত্তির মধ্যেও ইভিএম ব্যবহার নিয়ে এগিয়েছিল এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বিগত নির্বাচন কমিশন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি’র সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য ‘প্রটোটাইপ’ তৈরি সংক্রান্ত চুক্তির প্রস্তাবও করেছিল তারা। কিন্তু বর্তমান ইসি এখনো তা করেনি।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান ইসির কমিশনার শাহনেওয়াজ বলেন, “এতে আমরা হাত দেওয়ার আগে সবার সঙ্গে আমাদের বসতে হবে। বিষয়টি বিরাট কর্মযজ্ঞ। সবার সহযোগিতায় তা ব্যবহার করতে চাই। তবে আগামীতে সময়ও কম রয়েছে। ইভিএমের সিদ্ধান্ত নিলেও স্বল্প সময়ে তা করতে পারব কি না, সব বিষয় ভেবে হাত দিতে হবে।”
নির্বাচন কমিশন পরিকল্পিত সংলাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে সংলাপ করার সময় এখনো হয়নি।
“সুন্দর ও স্বাভাবিক পরিবেশ এলে দলগুলোর সঙ্গে বসবো আমরা,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩২৫ ঘ.
bdnews24