চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার চট্টগ্রামে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে তিনি বলেন, “গণতান্ত্রিক, সাংবিধানিক ও নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করছি। তবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার গ্রেপ্তার-নির্যাতন চালাচ্ছে। দমন-নিপীড়ন চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
সকাল ১০টার দিকে নগরীর নাসিমন ভবনের সামনের ফুটপাথে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা এই গণ অনশন কর্মসূচিতে অংশ নেয়। পরে বিকাল পৌনে ৪টার দিকে নগর সভাপতি আমীর খসরুকে জুস পান করিয়ে অনশন ভাঙান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম।
অনশন শেষে বিএনপি নেতাকর্মীরা গত ১৩ মে পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদলনেতা হুমায়ুন কবীরের নামাজে জানাজায় অংশ নেন।
হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সার্জিস্কোপ নামে একটি বেসরকারি ক্লিনিকে মারা যান।
গণ অনশন কর্মসূচি চলাকালে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয়নেতা এএম নাজিম উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপিনেতা জাহাঙ্গীর আলম, এম এ সবুর, ছাত্রদলনেতা আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৪৮ ঘ.
bdnews24