২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার হার্ডলাইনে নয়’

সরকার ‘কঠোর অবস্থান’ নেওয়ায় দেশ সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির দিকে যাচ্ছে- এমন আশঙ্কার সঙ্গেও একমত নন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ‘কঠোর অবস্থান’ নেওয়ায় দেশ সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির দিকে যাচ্ছে- এমন আশঙ্কার সঙ্গে একমত নন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তার ভাষায়, জনগণের জানমালের নিরাপত্তা দিতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজের কার্যালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিরোধীদল শুধু ‘আন্দোলন’ শব্দটিই শুনেছে, আন্দোলন কি- তা তারা জানে না। জনগণ কি চায় তাও বিরোধীদলের জানা নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে কারাগারে পাঠানো এবং হরতালের সময় গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে টুকু বলেন, “এমন ধারণা ঠিক নয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটাই করে যাচ্ছে।” বিরোধী দলের নেতা-কর্মীদের দমনে সরকার কি ‘হার্ডলাইনে’ রয়েছে- এমন অভিযোগও উড়িয়ে দেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “হার্ডলাইন বা নরম লাইনের কোনো বিষয় এটা নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে।” “কোনো দলকে চাপে রাখতে নয়, অপরাধীদের চাপে রাখতেই আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আইন-শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার। তাই অপরাধীদের চাপে রাখার ব্যবস্থা নিচ্ছি”, যোগ করেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘প্রভাবমুক্তভাবে’ কাজ করছে বলেও টুকু দাবি করেন। রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না- এমন মন্তব্য করে শামসুল হক টুকু বলেন, “বিরোধীদল কখনো সে রকম কোনো কর্মসূচি দেখাতে পারেনি।” এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে বিএনপি গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতাল করে। সে সময় গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদে বৃহস্পতিবারও সারাদেশে হরতাল করছে বিরোধী দল। মির্জা ফখরুলসহ জোট নেতারা গাড়ি পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত না থাকলেও তাদের কেন কারাগারে পাঠানো হলো জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এরা হুকুমের আসামি, এদের হুকুম ছাড়া কর্মীরা অরাজকতা করতে পারে না। সচিবালয়ে বোমা হামলাসহ অন্যান অরাজকতা এদের হুকুমেই হয়েছে, পরিকল্পিতভাবেই হয়েছে।” হরতালে বিরোধীদলের মিছিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে না বলেও দাবি করেন টুকু। তিনি বলেন, “আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। কাউকে অহেতুক বাধা দেওয়া হয়নি।” “বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তারা এ অধিকার নেবে। কিন্তু হরতালের নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো হলে আইন-শৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নেবে- এটাই স্বাভাবিক”, বলেন টুকু। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ আরো কিছু ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী যে ব্যর্থতার পরিচয় দিয়েছে- সে বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে জানতে চাইলে প্রতিমন্ত্রী দাবি করেন, আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ নয়, তারা সর্ব শক্তি দিয়ে কাজ করছে। বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৮ দলীয় জোট নেতাদের জামিনের শুনানির সময় আদালত প্রাঙ্গণে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টুকু বলেন, “ঘটনাটি অনিচ্ছাকৃত, আদালত প্রাঙ্গণে নেতা-কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণেই ওই ঘটনা ঘটে।” গত মাসের গাড়ি পোড়ানোর মামলায় তিন জামায়াত নেতা এখনো আদালতে হাজির হননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪৪০ ঘ.