ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের আরও নেতা গ্রেপ্তার হলেও সরকার চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।
পুলিশ পরিবেষ্টিত অবস্থায় তিনি বলেন, “সরকার যদি মনে করে, কিছু নেতাকে গ্রেপ্তার করে, কিছু মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে দুর্বল করবে, বিএনপি দুর্বল হয়ে যাবে- তাহলে তারা ভুল করবে। বরং রাজনীতিতে যত বেশি নিপীড়ন ও নির্যাতন করা হবে, আন্দোলন তত তীব্র হবে।”
সারা দেশে জনগণ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে বলেও দাবি করেন তিনি।
সরকারের ‘দমননীতির’ সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, “সরকারের কার্যক্রমে মনে হচ্ছে- তারা দুর্বল হয়ে গেছে। বিরোধী দলকে ভয় পাচ্ছে। সেজন্যই সরকার বিরোধী দলের ওপর দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে।”
খোকনকে আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, “তাকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ আটক করেছে। তিনি কার্যালয়ের সামনে কথা বলছিলেন, শ্লোগান দিচ্ছিলেন। তিনি তো কোনো গাড়ি ভাংচুর করেননি, আগুন লাগাননি। তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো?”
পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে নজরুল বলেন, “দলের যুগ্ম মহাসচিব রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর গায়েও পুলিশ হাত উঠিয়েছে। তার জামা ছিঁড়ে ফেলেছে, মোবাইল নিয়ে গেছে। এটা কি গণতন্ত্রের নমুনা?”
বিএনপির পরবর্তী কর্মসূচি জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “এটা সরকারের আচরণের ওপর নির্ভর করছে। দল ও জোট নেত্রী (খালেদা জিয়া) তা ঠিক করবেন।”
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ মিজানুর রহমান মিনু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাংসদ নাজিম উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠায় আদালত। এর প্রতিবাদেই বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল করছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআরডি/জেকে/১৩০৫ ঘ.
bdnews24