২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি সমর্থকদের অবরোধ চন্দনাইশে

হরতালের মামলায় অলি আহমদসহ বিরোধীদলীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে এলডিপিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় অলি আহমদসহ বিরোধীদলীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে এলডিপিকর্মীরা। এসময় বিক্ষুব্ধ কর্মীরা দুটি বাসসহ পাঁচটি গাড়ি ভাংচুর করলে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এলডিপি সভাপতি অলিসহ বিএনপির শীর্ষ পর্যায়ের ৩৩ নেতার জামিন আবেদন নাকচ করে বুধবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার একটি আদালত। এই খবর পাওয়ার পরপরই বেলা আড়াইটার দিকে অলির নির্বাচনী এলাকা চন্দনাইশে এলডিপিকর্মীরা মহাসড়কের পাঁচটি পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এর ফলে সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। তারা জানিয়েছেন, দোহাজারী, বাগিচা হাট, রৌশনহাট, গাছবাড়িয়া কলেজ গেইট ও খাঁর হাটে এলডিপিকর্মীরা সড়ক অবরোধ করে। এ সময় তারা অলি আহমদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে স্লোগানও দেয়। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটানস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। ঘটানস্থল থেকে পাঁচ এলডিপিকর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি রশিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৪৫ ঘ.