২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা সরঞ্জামের মামলায় আসামি এলডিপির ১৭ জন

চট্টগ্রামে এলডিপি কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এলডিপি কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন হাওলাদার বাদি হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। এতে এলডিপি চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদকসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই ওমর হায়দার। মামলায় প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম নগর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদকে। অন্য আসামিরা হলেন- নগর এলডিপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, দক্ষিণের সাধারণ সম্পাদক এয়াকুব আলী, উত্তর জেলার সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এসএম নাজিম উদ্দিন, বায়েজিদ থানার সভাপতি আখতার হোসেন, কর্মী সুমন, হাসান, মামুন, হারুণ, মোজাম্মেল হক, আবদুস শুক্কুর, ইয়াকুব, আবদুল জব্বার, আলী মর্তুজা, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও কর্মী ইদ্রিস চৌধুরী। এদের মধ্যে ইদ্রিস চৌধুরীকে মঙ্গলবার রাতে বোমার সরঞ্জাম উদ্ধারের পরপরই গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নগরীর নন্দনকানন এলাকার লায়লা মঞ্জিলের দোতলায় অবস্থিত এলডিপি’র নগর, উত্তর ও দক্ষিণ জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯৫১ ঘ.