২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিনের আবেদন ফখরুলদের

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় হাই কোর্টের নির্দেশ অনুযায়ী মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও সমমনা দলের ৩৪ জন নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় হাই কোর্টের নির্দেশ অনুযায়ী মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও সমমনা দলের ৩৪ জন নেতাকর্মী। তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে ৩৪ জনের পক্ষে জামিনের আবেদন জমা দেওয়া হয়েছে। বেলা ১২টায় মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহর আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহসহ এ মামলার আসামিরা ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আদালত প্রাঙ্গণে প্রবেশের পর বিএনপিপন্থী আইনজীবীদের কক্ষে অবস্থান নিয়েছেন তারা। বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আজ আমরা নিু আদালতে এই আবেদন করছি।” এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এলডিপি প্রধান অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের এ দুই মামলায় আসামি করা হয়। ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা আগাম জামিনের আবেদন করলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। এরপর বিষয়টি তৃতীয় বেঞ্চে গেলে গত ১৩ মে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ ১৬ মের মধ্যে এ মামলার আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১০৫০ ঘ.