ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর অন্তর্ধাণ, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকের পর ১৮ দলীয় নেতাদের সঙ্গেও খালেদা জিয়া বৈঠক করবেন।
ইলিয়াসের সন্ধান এবং নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বিকালে ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের গণমিছিল রয়েছে। ওই কর্মসূচির পরেই এই দুটি বৈঠকে বসবেন খালেদা জিয়া।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে যোগ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। এই দাবি মেনে নিয়ে ১০ জুন পর্যন্ত সরকারকে সময়ও বেঁধে দিয়েছেন খালেদা।
মারুফ কামাল বলেন, “চলমান আন্দোলনের কর্মকৌশল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০৫৫ ঘ.
bdnews24