ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সরকারের কাছে ৭৭ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেলের তদন্ত কমিটি।
এই কমিটির প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের রবিবার বিকালে রেলপথ সচিব ফজলে কবিরের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
এতে ৭ পৃষ্ঠার মূল্যায়নের সঙ্গে ৭০ পৃষ্ঠার নথিপত্র যুক্ত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রেল সচিব সাংবাদিকদের বলেন, “প্রতিবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবো। কাল বা পরশু এই প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে দুপুরে মহাপরিচালক আবু তাহের রেলভবনে সাংবাদিকদের বলেন, “এ ঘটনার সাথে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
“এ ঘটনা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না, তবে ঘটনাটি ছিল অস্বাভাবিক” বলেন তাহের।
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল, যদিও ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক তা অস্বীকার করেন।
সেই রাতে ফারুক মোট ৭০ লাখ টাকা নিয়ে বিজিবি সদর দপ্তরে গিয়েছিলেন উল্লেখ করে আবু তাহের বলেন, “ওই ৭০ লাখ টাকা ফারুকের। সেই ঘটনার পর নিজের ব্যাংক একাউন্টে ওই টাকা জমা দিয়েছেন তিনি।”
এর সঙ্গে ইউসুফ আলী মৃধা বা এনামুল হকেরও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আবু তাহের জানান।
ওই অর্থের উৎস কী ছিল, কোনো দুর্নীতি হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, “এটি রেলের তদন্তের বিষয় নয়। এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।”
অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে ইউসুফ আলী মৃধা ও এনামুল হককে সাময়িক বরাখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুক তালুকদারও। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করে রেল কর্তৃপক্ষ।
এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রীর মর্যাদায় রয়েছেন।
ওই ঘটনায় তদন্ত কমিটি বিজিবির ৮ সদস্যসহ মোট ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে আবু তাহের বলেন “গাড়ির চালক আলী আজম ছাড়া অন্যান্য সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
অর্থ কেলেঙ্কারির ঘটনার দিন থেকেই আলী আজম নিখোঁজ রয়েছেন। পুলিশ বা পরিবারও তার কোনো খোঁজ দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭৫৬ ঘ.
bdnews24