২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেলেঙ্কারিতে সুরঞ্জিতের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’

অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি রেলের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি রেলের তদন্ত কমিটি। এই কমিটি প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের রবিবার দুপুরে সাংবাদিকদের বলেন, “এ ঘটনার সাথে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।” “এ ঘটনা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না, তবে ঘটনাটি ছিল অস্বাভাবিক” বলেন তাহের। পরে রেলপথ সচিব ফজলে কবিরের কার্যালয়ে গিয়ে ৭৭ পৃষ্ঠার এই প্রতিবেদন হস্তান্তর করেন মহাপরিচালক। এতে ৭ পৃষ্ঠার মূল্যায়নের সঙ্গে ৭০ পৃষ্ঠার নথিপত্র যুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রেল সচিব সাংবাদিকদের বলেন, “প্রতিবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবো। কাল বা পরশু এই প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে। গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল, যদিও ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক তা অস্বীকার করেন। সেই রাতে ফারুক মোট ৭০ লাখ টাকা নিয়ে বিজিবি সদর দপ্তরে গিয়েছিলেন উল্লেখ করে আবু তাহের বলেন, “ওই ৭০ লাখ টাকা ফারুকের। সেই ঘটনার পর নিজের ব্যাংক একাউন্টে ওই টাকা জমা দিয়েছেন তিনি।” “৭০ লাখ টাকা ফারুকের নিজের ছিল বলেই তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন”, যোগ করেন মহাপরিচালক। এর সঙ্গে ইউসুফ আলী মৃধা বা এনামুল হকেরও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আবু তাহের জানান। ওই অর্থের উৎস কী ছিল, কোনো দুর্নীতি হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, “এটি রেলের তদন্তের বিষয় নয়। এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।” ওমর ফারুক বা রেল কর্মকর্তারা সেই রাতে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন কিনা, তদন্তে এ ধরনের কোন তথ্য এসেছে কিনা জানতে চাইলে আবু তাহের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর এ ব্যাপারে সরকার চাইলে বিস্তারিত জানাবে। অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে ইউসুফ আলী মৃধা ও এনামুল হককে সাময়িক বরাখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুক তালুকদারও। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করে রেল কর্তৃপক্ষ। এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রীর মর্যাদায় রয়েছেন। ওই ঘটনায় তদন্ত কমিটি বিজিবির ৮ সদস্যসহ মোট ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে আবু তাহের বলেন “গাড়ির চালক আলী আজম ছাড়া অন্য সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আলী আজমের জিজ্ঞাসাবাদ ছাড়া তদন্ত সঠিক হবে কি না- জানতে চাইলে তাহের বলেন, রেল ভবনে তাকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন ও তার বাড়ির ঠিকানায় চিঠি দেওয়া হয়েছিল, তবে তিনি আসেননি। “আলী আজমের বক্তব্য ছাড়াও তদন্ত কমিটি সঠিকভাবে প্রতিবেদন তৈরি করেছে” দাবি করেন আবু তাহের। অর্থ কেলেঙ্কারির ঘটনার দিন থেকেই আলী আজম নিখোঁজ রয়েছেন। পুলিশ বা পরিবারও তার কোনো খোঁজ দিতে পারেনি। বিজিবি সদস্যরা তদন্ত কমিটির কাছে কি তথ্য দিয়েছে জানতে চাইলে আবু তাহের বলেন, গাড়িতে সাংসদের স্টিকার থাকায় তল্লাশি ছাড়াই গাড়িটি ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে গাড়িতে কতো টাকা ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি বিজিবি সদস্যরা। গত ১১ এপ্রিল আবু তাহেরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন শশী কুমার। ২০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮০৪ ঘ.